শিশুদের জন্য নতুন অ্যালবাম প্রকাশে এগিয়ে এসেছে শেলটেক। তাদের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের সহায়তায় প্রকাশিত হয়েছে শিশুতোষ গান নিয়ে অ্যালবাম ‘হাউ মাউ খাউ’। অ্যালবামটি নির্মাণ করেছেন স্থপতি, নির্মাতা ও গীতিকবি-সুরকার এনামুল করিম নির্ঝর।
অনেকদিন ধরেই অ্যালবাম প্রকাশ কমে গেছে। শিশুদের জন্য নিয়মিত কিছু করার প্রবণতাও কমে এসেছে। এ পরিস্থিতিতে নতুন উদ্যোগটি গুরুত্ব পাচ্ছে।
অ্যালবামে রয়েছে পাঁচটি গান। সবকটির কথা ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। গানগুলোতে সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। সিএসআর-আইএসআর এর যৌথ প্রক্রিয়ায় এ অ্যালবামটি নির্মিত হয়েছে। অ্যালবামটির জন্য সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) হিসেবে আর্থিক সহযোগিতা করেছে শেলটেক।
এ উদ্যোগে গান গেয়েছেন মৃন্ময়ী মেঘা, অরণি ক্যাথলিন মুরমু, সামাহ ফাতিহা সাইদ, প্রফুল্ল অংশুমন এবং তানভীর আলম সজীব। নির্মাতা জানিয়েছেন, শিশু-কিশোরদের অনুভূতি, কল্পনা, অভিযোগ, প্রকৃতি দেখার চোখ ও বড়দের প্রতি প্রত্যাশার বিষয় গানগুলোতে ফুটে উঠেছে।
অ্যালবামে শিশুদের সঙ্গে গান গেয়েছেন জ্যেষ্ঠ শিল্পী তানভীর আলম সজীব। তিনি নিজের গায়কী ভেঙে নতুনভাবে গানটি গাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, তার জন্য এটি ছিল ভিন্ন ধরনের অভিজ্ঞতা। অ্যালবামে প্রতিটি গান তৈরি হয়েছে আলাদা প্রস্তুতিতে।
অ্যালবামের প্রথম গান ‘হাউ মাউ খাউ’ ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় গানশালার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এরপর ক্রমান্বয়ে প্রকাশিত হচ্ছে হাট্টিমাটিম টিম, তিড়িং বিড়িং ফড়িংটাকে, ছোটদের গান নিয়ে এবং এই তুই কি করছিস?
প্রথম গান ‘হাউ মাউ খাউ’ গেয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। অ্যালবামের মাধ্যমে প্রথমবার সে গান ও ভিডিওতে অংশ নিয়েছে। মেঘা জানায়, রেকর্ডিং এবং ভিডিওর পুরো প্রক্রিয়া তার কাছে নতুন ছিল। বড় আয়োজন দেখে তার আনন্দের পাশাপাশি কিছুটা ভয়ও লেগেছিল। সে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছে।
গানশালা জানায়, সংগীত শিল্পীদের নিয়মিত উপার্জনের পথ তৈরি করতে সিএসআর-আইএসআর এর এ যৌথ উদ্যোগকে আরো সক্রিয় রাখা হচ্ছে। এর আগেও একই প্রক্রিয়ায় কয়েকটি সংগীত প্রকল্প প্রকাশ হয়েছে।
—বিজ্ঞপ্তি










