বিজিএমইএ সদস্য ও তাদের পরিবারদের আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর ও সুনিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষ প্রিভিলেজ কার্ড চালু করা হয়েছে। প্রিভিলেজ কার্ড উদ্বোধন উপলক্ষে রবিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত মাউন্ট এলিজাবেথ হসপিটালের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ং ইহ মিং, আইএইচএইচ হেলথকেয়ারের বাংলাদেশ, চীন ও মিয়ানমার অঞ্চলের কান্ট্রি ম্যানেজার জ্যাক ট্যান এবং আইএইচএইচ হেলথকেয়ার বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান।
বিজিএমইএ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক জোয়াদার মোহাম্মদ হোসনে কমার আলম, স্কিলড ডেভলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া; এবং ট্রেসেবিলিটি অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন মাইশা মাহমুদ।
অনুষ্ঠানে বিজিএমইএ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজিএমইএ এর পরিচালক শাহ রাঈদ চৌধুরী। তিনি বলেন, এ কার্ডের মাধ্যমে আমাদের সাধারণ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা কোনো ধরণের মধ্যস্থতাকারী বা আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই সিঙ্গাপুরের বিশ্বসেরা চিকিৎসা নেটওয়ার্কে সরাসরি ভিআইপি মর্যাদা, বিশেষ করপোরেট ছাড় ও সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। এটি আমাদের সদস্যদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য বর্তমান বোর্ডের একটি চলমান ও নিরলস প্রচেষ্টার সফল ফসল।
সিঙ্গাপুর থেকে আগত মাউন্ট এলিজাবেথ হসপিটালের সিইও ইয়ং ইহ মিং বলেন, এ প্রিভিলেজ কার্ডের মাধ্যমে বিজিএমইএ সদস্য এবং তাদের পরিবার সিঙ্গাপুরে সর্বোচ্চ সুবিধা, স্বাচ্ছন্দ্য ও অগ্রাধিকার ভিত্তিতে উচ্চমানের আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
সমাপনী বক্তব্য রাখেন বিজিএমইএ-এর পরিচালক জোয়াদার মোহাম্মদ হোসনে কমার আলম। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










