ব্যবসা শ্লথ হয়ে পড়ায় ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে গোল্ডম্যান স্যাকস। গত সেপ্টেম্বরের পর এ নিয়ে তৃতীয় দফায় কর্মী ছাঁটাইয়ে যাচ্ছে ওয়াল স্ট্রিটভিত্তিক ব্যাংকটি। খবর সিএনবিসি।
বিষয় সম্পর্কে অবগত একটি সূত্র সম্প্রতি জানায়, গোল্ডম্যান স্যাকস সামনের সপ্তাহগুলোয় সর্বোচ্চ ২৫০ জন কর্মী ছাঁটাই করতে পারে। গত সেপ্টেম্বরে কয়েকশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিলেন ওয়াল স্ট্রিট জায়ান্টটির সিইও ডেভিড সলোমান। তারপর জানুয়ারিতে ৩ হাজার ২০০ কর্মীকে বিদায় জানানো হয়। এ নিয়ে এক বছরেরও কম সময়ের মধ্যে তিনবার এ পথে গেল গোল্ডম্যান স্যাকস।
গত মাসে তিন হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ওয়াল স্ট্রিটের অন্য প্রতিদ্বন্দ্বী মরগান স্ট্যানলি। এদিকে গত সপ্তাহে ৫০০ কর্মী ছাঁটাই করে জেপিমরগান চেজ।
উল্লেখ্য, ৩১ মার্চ নাগাদ গোল্ডম্যান স্যাকসের কর্মী ছিল ৪৫ হাজার ৪০০ জন। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় যা ৬ শতাংশ কম।










