২০১৯-২০ মৌসুমে তেলবীজের বৈশ্বিক উৎপাদন প্রাক্কলন বাড়িয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। সংস্থাটির সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে বিশ্বজুড়ে মোট ৫৭ কোটি ৪৬ লাখ টন তেলবীজ উৎপাদন হতে পারে, যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় ৩৩ লাখ টন বেশি। খবর কমোডিটি অনলাইন।
চলতি মৌসুমে সরিষা ও তুলাবীজের বৈশ্বিক উৎপাদনে মন্দা ভাব বজায় থাকতে পারে। তবে সয়াবিন, সূর্যমুখী ফুলের বীজ ও চীনাবাদামের বৈশ্বিক উৎপাদন বাড়বে। এতে সামগ্রিকভাবে তেলবীজের বৈশ্বিক উৎপাদনে চাঙ্গা ভাব বজায় থাকবে বলে জানায় ইউএসডিএ।
চীন এবার রেকর্ড সয়াবিন উৎপাদন প্রত্যাশা করছে। সরকারি ভর্তুকি প্রদানের জেরে দেশটিতে এবার তেলবীজ পণ্যটির আবাদ বেড়েছে। ফলে উৎপাদনও থাকবে ঊর্ধ্বমুখী। চীনের ন্যাশনাল ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, এবার দেশটিতে সব মিলিয়ে ২ কোটি ৮১ লাখ টন সয়াবিন উৎপাদন হতে পারে, যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় ১০ লাখ টন বেশি। এদিকে রাশিয়া ও ইউক্রেনে সূর্যমুখী তেলবীজ উৎপাদনে চাঙ্গা ভাব বজায় থাকবে বলে জানানো হয়েছে ইউএসডিএর পূর্বাভাসে।









