ইন্সট্যান্ট নুডলসের বৈশ্বিক চাহিদা
১২ হাজার ১২০ কোটি সার্ভিংয়ে পৌঁছেছে। টানা সপ্তম বছরে চাহিদা বেড়ে ২০২২ সালে তা সর্বকালের
সর্বোচ্চ বিক্রিতে পৌঁছে। সম্প্রতি ওসাকার সদর দপ্তর থেকে ওয়ার্ল্ড ইন্সট্যান্ট নুডলস
অ্যাসোসিয়েশন এ তথ্য প্রকাশ করে। খবর নিক্কেই এশিয়া।
সংস্থার তথ্য অনুসারে, ২০২১ সালের তুলনায়
গত বছর নুডলস প্রতিবেশনের সংখ্যা প্রায় ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ৫৬টি অর্থনৈতিক অঞ্চলের
আনুমানিক চালানের ওপর ভিত্তি করে এ পরিসংখ্যান প্রকাশ হয়েছে।
গত বছর ইন্সট্যান্ট নুডলসের বাজার হিস্যার
শীর্ষে ছিল চীন। এর পরের স্থানে ছিল ইন্দোনেশিয়া। তারপর ভারত, ভিয়েতনাম ও জাপান।
কভিড মহামারীকালীন ২০২০ সালে নুডলসের
চাহিদা ৯ দশমিক ৫ শতাংশ বেড়েছিল। এরপর ২০২১ সালে আগের বছরের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ
কমে। কিন্তু তা আবার ২০২২ সালে বেড়েছে। গত বছর মূল্যস্ফীতির কারণে অনেক দেশে খাদ্যের
দাম বেড়েছে। তবে ইন্সট্যান্ট নুডলসের দাম কম থাকায় চাহিদা বেড়েছে।
বিশেষ করে মেক্সিকোতে ইন্সট্যান্ট নুডলসের
বাজার দ্রুত প্রসারিত হয়েছে। ২০২১ সালে চাহিদা বাড়ে ১৭ দশমিক ২ শতাংশ বেড়েছে এবং
গত বছর এ প্রবৃদ্ধি ছিল ১১ শতাংশ।
বিপরীতে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে বাজার
হিস্যা ১ দশমিক ৪ শতাংশ কমে যায়। অবশ্য ২০২২ সালে আবার ৩ দশমিক ৪ শতাংশ বাড়ে।
ইন্সট্যান্ট নুডলস এশিয়ার ঘরে ঘরে
জনপ্রিয়। এ অঞ্চলের অনেক দেশে স্যুপ-নুডলস খাদ্য সংস্কৃতির একটি অংশ। তবে বর্তমানে
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মতো জায়গায় জনপ্রিয়তা বাড়ছে।










