নতুন নিয়োগ এবং বিপণন ও প্রণোদনা কার্যক্রমে ব্যয় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে উবার টেকনোলজিস ইনকরপোরেটেড। বিনিয়োগকারীদের মনোভাব পরিবর্তনের প্রতিক্রিয়া হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে মার্কিন রাইড-হেইলিং প্লাটফর্মটি। খবর সিএনবিসি।

এর আগে গত সপ্তাহে ফেসবুকের মালিকানাধীন মেটাও কর্মশক্তি বাড়ানোর গতি ধীর করার ঘোষণা দেয়। খরচের লাগাম টানতে উবারও এমন ঘোষণা দিল।

সংস্থাটির সিইও দারা খোশরোশাহী বলেন, বিনিয়োগকারীদের মনোভাব পরিবর্তনের প্রতিক্রিয়া হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সর্বনিম্ন দক্ষ বিপণন ও প্রণোদনা ব্যয়ের কৌশল ফিরিয়ে আনা হবে। আমরা নতুন নিয়োগকে বিশেষাধিকার হিসেবে বিবেচনা করব এবং কখন ও কোথায় জনবল যুক্ত করা হবে, তা নিয়ে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নেব।

গত সপ্তাহে উবার জানিয়েছিল, সংস্থাটির চালকদের আয়ের হার মহামারী পরবর্তী সর্বোচ্চ উচ্চতায় রয়েছে। প্রতিষ্ঠানটি আশা করে, উল্লেখযোগ্য বিনিয়োগ ছাড়াই এটি অব্যাহত থাকবে।