রাশিয়ায় থাকা কার্যক্রম বিক্রির ঘোষণা দিয়েছে ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনোঁ।  অংশীদারত্ব বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম রাশিয়ার নিয়ন্ত্রণে দেয়া হচ্ছে। সোভিয়েত আমলের গাড়ির ব্র্যান্ড মস্কভিচকে পুনরুজ্জীবিত করতে রাশিয়ার এ পদক্ষেপ। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবারই প্রথম কোনো বিদেশী ব্র্যান্ডকে জাতীয়করণ করছে রাশিয়া। খবর এপি।

রেনোঁ জানিয়েছে, রাশিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভটোভাজে থাকা অংশীদারত্বের মূল অংশ বিক্রি করে দেয়া হবে। এছাড়া রেনোঁর অন্যান্য কার্যক্রম যেমন মস্কোর কারখানাটিও নগর সরকারের কাছে বিক্রি করা হবে।

রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন বলেন, সোভিয়েত যুগের মস্কভিচ ব্র্যান্ডটি ফিরিয়ে আনা হবে। এ কারখানায় তৈরি হবে মস্কভিচ ব্র্যান্ডের গাড়ি। সোভিয়েত ইউনিয়নের জনপ্রিয় ব্র্যান্ড ছিল মস্কভিচ। কিন্তু নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এটি। ২০০০ সালে বাজার থেকে একেবারে অদৃশ্য হয়ে যায় মস্কভিচের কার্যক্রম।

রেনোঁর প্রধান নির্বাহী কর্মকর্তা লুসা ডি মেয়ো এক বিবৃতিতে বলেন, মস্কো থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত জরুরি হলেও কঠিন ছিল। রাশিয়ায় কর্মরত ৪৫ হাজার কর্মীর প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। 

রেনোঁর এ ঘোষণা এমন দিনে এল, যেদিন ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ড’স রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার কথা জানিয়েছে।