দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের চার কোম্পানির পর্ষদ সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে আরামিট লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড ও ন্যাশনাল ফিড মিল লিমিটেড। সভায় কোম্পানিগুলোর নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরামিটের পর্ষদ সভা ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

অলটেক্স ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা ৩০ ডিসেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আলহাজ টেক্সটাইল মিলসের পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম (জুলাই-সেপ্টেম্বর), দ্বিতীয় (অক্টোবর) ও তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। একই সভায় সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৮ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৯১ পয়সা।

ন্যাশনাল ফিড মিলের পর্ষদ সভা ২৯ ডিসেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।