চলতি বছর আন্তর্জাতিক বাজারে তামার দাম অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের খনি মালিকরা সরবরাহ সংকট কাটাতে উত্তোলন বাড়াচ্ছেন। কিন্তু ঊর্ধ্বমুখী মুনাফার হারের কারণে পণ্যটির চাহিদা কমতে শুরু করেছে। খবর রয়টার্স।

তথ্য বলছে, গত বছরের মার্চে আন্তর্জাতিক বাজার আদর্শ তামার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে। ওই সময় প্রতি টনের মূল্য স্থির হয় ১০ হাজার ৭৪৭ ডলার ৫০ সেন্টে। মূলত মহমারী প্রতিরোধে আরোপিত লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ শিথিল হতে থাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হয়। এ কারণে পণ্যটির চাহিদা বেড়ে যায়। কিন্তু বাজারে পর্যাপ্ত সরবরাহ কিংবা মজুদ কোনোটাই ছিল না। এ কারণে বছরের অন্য সময়ও দাম ছিল আকাশচুম্বী। চলতি বছর লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার নগদ চুক্তি মূল্য টনপ্রতি ৯ হাজার ৩৭০ ডলারে নামতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে, যা সর্বশেষ কার্যদিবসের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ কম।