সামনের মাসগুলোয় মালয়েশিয়ার মূল্যস্ফীতি ২ থেকে ২ দশমিক ৫ শতাংশে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার যে উদ্যোগ নিয়েছে তারই প্রতিফলন এটি বলে মনে করছেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদ জিওফ্রে উইলিয়ামস জানান, জ্বালানি তেলের দাম কমে যাওয়ার মতো বৈশ্বিক বিষয়ও দেশটির মূল্যস্ফীতি কমাতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল্যহ্রাস ও সরবরাহ চেইনের খরচ কমে যাওয়ার প্রভাব আমরা দেখতে পাচ্ছি।’ বিশ্ববাজারে এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারে নেমে এসেছে। গত বছর এর দাম ছিল ৯০ ডলার। অন্য এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উইলিয়ামস জানান, গত বছর মূল্যস্ফীতি ২ দশমিক ৮ শতাংশে ছিল। জুনে তা কমে ২ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ সূত্রে পাওয়া তথ্যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, রেস্টুরেন্ট, হোটেল, খাদ্যদ্রব্য, অ্যালকোহলমুক্ত পানীয়, গৃহস্থালিসামগ্রী ও ঘরের কাজকর্ম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে।

ফ্রিমালয়েশিয়াটুডে