অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে গতকাল মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম বাড়লেও কমেছে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই)। খবর রয়টার্স।

বিশ্লেষকরা বলছেন, গত অর্ধ শতকের মধ্যে চীনের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বিতীয় সর্বনিম্নে নেমেছে। এমন খবরে বাজার নিম্নমুখী চাপে পড়েছে। ঠিক উল্টো দিকে দেশটি কভিড-১৯ নীতিমালা শিথিল করায় চাহিদা বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে।

গতকাল আইসিই ফিউচারসে ব্রেন্টের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৬৯ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৫ ডলার ১৫ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) ডব্লিউটিআইয়ের দাম ৭ সেন্ট বা দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৯ ডলার ৭৯ সেন্টে। ৪ জানুয়ারির পর প্রথম বাজার আদর্শটির দাম কমল।