জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের ফলে তিন মাসে কৃষ্ণসাগর হয়ে এক কোটি টন খাদ্যশস্য জাহাজীকরণ হয়েছে। সম্প্রতি এমন দাবি করেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস।

গুতেরেস বলেন, সব ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও চুক্তিটি ছিল কৃষ্ণসাগরে আশার প্রদীপ। এ উদ্যোগ ফলপ্রসূ হয়েছে এবং তা সচল রাখতে সম্মিলিত প্রয়াস আবশ্যক।

১৯ নভেম্বর চুক্তির মেয়াদ শেষ হলে নবায়ন করতে রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান রেখেছেন জাতিসংঘ মহাসচিব।

রাশিয়ার খাদ্য ও সার রফতানিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে এগিয়ে আসার অনুরোধ রেখেছেন গুতেরেস।

ইউক্রেনের তিনটি কৃষ্ণসাগরীয় বন্দর থেকে শস্য রফতানি চালুতে সাময়িক চুক্তিতে পৌঁছেছিল কিয়েভ ও মস্কো। এতে মধ্যস্থতা করেছিল জাতিসংঘ ও তুরস্ক।