চলতি বছরের মে মাসে চিনি রফতানিতে বিধিনিষেধ আরোপ করেছিল ভারত। ওই সময় দেশটির সরকার বছরে এক কোটি টনের বেশি চিনি রফতানি না করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে সম্প্রতি এ সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। অতিরিক্ত আরো ১২ লাখ টন চিনি রফতানির অনুমতি পেয়েছেন মিল মালিকরা। অর্থাৎ বার্ষিক চিনি রফতানির সীমা এক কোটি টন থেকে বেড়ে ১ কোটি ১২ লাখ টনে উন্নীত হয়েছে। খবর দ্য হিন্দু।

সংশ্লিষ্টরা বলছেন, ভারতে প্রত্যাশার চেয়ে বেশি চিনি উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোয় স্থানীয় বাজারে পণ্যটির ব্যবহার লক্ষণীয় মাত্রায় কমেছে। আগামী মাসগুলোতে ব্যবহার আরো কমতে পারে। ফলে দেশীয় চাহিদা মিটিয়ে ভারতে চিনির বেশ ভালো পরিমাণ উদ্বৃত্ত থাকবে। এ কারণেই রফতানি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গিয়েছে, ১ আগস্টের মধ্যেই ভারতের চিনি রফতানি ১ কোটি টনের লক্ষ্যমাত্রা ছুঁয়েছে। অর্থাৎ এ মাসের পর আর রফতানির সুযোগ ছিল না। কিন্তু সরকার নতুন করে অতিরিক্ত ১২ লাখ টন রফতানির অনুমতি দেয়ায় আবারো রফতানি শুরু হবে। এর মাধ্যমে যেমন বৈদেশিক মুদ্রা আয় বাড়বে, ঠিক তেমনি কমবে বাণিজ্য ঘাটতি।

তথ্য বলছে, কয়েক বছর ধরেই ভারতের চিনি রফতানি অব্যাহতভাবে বাড়ছে। ২০১৮-১৯ মৌসুমে দেশটি মাত্র ৩৮ লাখ টন চিনি রফতানি করেছিল। কিন্তু ২০২০-২১ মৌসুমে তা বেড়ে দাঁড়ায় ৭০ লাখ টনে।