মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) থেকে একটি টিকার অনুমোদন পেয়েছে জিএসকে। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির প্রিওরিক্স নামের এ টিকা এক বছর বা তার বেশি বয়সীদের হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে কার্যকরী। খবর রয়টার্স।

জিএসকে বলেছে, প্রিওরিক্স দুটি ডোজ হিসেবে এবং আগে অন্য এমএমআর টিকা নেয়া ব্যক্তিদেরও দ্বিতীয় ডোজ হিসেবে এটি দেয়া যেতে পারে।

একটি সরকারি সমীক্ষা অনুসারে, যুক্তরাষ্ট্রে কভিড-১৯ মহামারীতে শিশুদের টিকা দেয়ার হার কমে গিয়েছে। কারণ এ সময়ে অনেক শিশু চিকিৎসকের সাক্ষাৎ এড়িয়ে চলেছে এবং দূরবর্তী শিক্ষার সময় অঙ্গরাজ্যগুলো টিকা নেয়ার বাধ্যবাধকতা শিথিল করেছে। জিএসকের যুক্তরাষ্ট্রে টিকা কার্যক্রমের প্রধান জুডি স্টুয়ার্ট বলেন, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে প্রিওরিক্স টিকার অনুমোদন হওয়ায় আমরা আনন্দিত। আমরা গর্বিত যে অত্যন্ত সংক্রামক রোগের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের সুরক্ষার সহায়তা করতে পারব।

গত কয়েক বছরে বিশ্বজুড়ে হামের প্রাদুর্ভাব বাড়ছে। ২০১৯ সালে বিশ্বজুড়ে চার লাখেরও বেশি হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ রোগ নির্মূলের ক্ষেত্রে অনেক দেশ পিছিয়ে রয়েছে। এদিকে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্টও টিকা বিক্রিতে ঝুঁকছে। সংস্থাটি ভোক্তা স্বাস্থ্যপণ্যের ব্যবসা থেকে বেরিয়ে টিকা ও প্রেসক্রিপশন ওষুধের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করছে। গত বছর প্রিওরিক্স, প্রিওরিক্স টেট্রা ও চিকেনপক্স টিকা জিএসকের ভ্যাকসিন টার্নওভারে প্রায় ২৬ কোটি পাউন্ড (৩২ কোটি ৬০ লাখ ডলার) অবদান রেখেছে।