স্মার্ট পে লিমিটেড নামে একটি শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ সাবসিডিয়ারি কোম্পানিটি বাংলাদেশে প্রতিষ্ঠা করা হবে। গঠিত সাবসিডিয়ারি কোম্পানিটি তাদের ভোক্তাদের ফিনটেকভিত্তিক ইলেকট্রনিক পেমেন্টস ও প্রাসঙ্গিক অন্যান্য সেবা প্রদান করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে টেলিযোগাযোগ খাতের কোম্পানিটি।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রবি আজিয়াটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৯ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৪৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ৪৫ পয়সা।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রবি আজিয়াটা। এর মধ্যে ২ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ও ৩ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ৩৩ পয়সা।










