যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যানগুলোয় আগামী বছর থেকে ভ্রমণে আসা আন্তর্জাতিক পর্যটকদের অতিরিক্ত ফি দিতে হবে। দেশটির ইন্টেরিয়র ডিপার্টমেন্ট জানিয়েছে, মার্কিনদের অগ্রাধিকার দিয়ে ১ জানুয়ারি থেকে বাসিন্দাকেন্দ্রিক ফি কাঠামো চালু হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাসিন্দা নন এমন ব্যক্তিদের বার্ষিক পাস পেতে গুনতে হবে ২৫০ ডলার, যা বর্তমান স্ট্যান্ডার্ড ৮০ ডলারের তুলনায় তিন গুণের বেশি। তবে মার্কিন বাসিন্দারা আগের মূল্যেই পাস পাবেন।

যেসব বিদেশী পর্যটক বার্ষিক পাস নেবেন না, স্ট্যান্ডার্ড প্রবেশ ফির পাশাপাশি তাদের অতিরিক্ত ১০০ ডলার দিতে হবে। এ বাড়তি ফি গ্র্যান্ড ক্যানিয়ন, রকি মাউন্টেন, ইয়েলোস্টোন, ইয়োসেমিটিসহ ১১টি জনপ্রিয় জাতীয় উদ্যানে প্রযোজ্য হবে।

ইন্টেরিয়র সেক্রেটারি ডগ বার্গাম বিবৃতিতে বলেন, ‘মার্কিন করদাতারা জাতীয় উদ্যান ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। তারা যেন সাশ্রয়ী প্রবেশ সুবিধা পান, এ নীতি তা নিশ্চিত করে। অন্যদিকে পার্কগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ ও উন্নয়নে ন্যায্য ফি দেবেন আন্তর্জাতিক দর্শনার্থীরা।’

জাতীয় উদ্যানে ফি বাড়ানোর ঘোষণা এমন সময় এল, যখন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটন কমছে। দেশটির শুল্কনীতি পরিবর্তন ও অভিবাসন দমননীতি এতে অনুঘটক হিসেবে কাজ করছে। ইয়েলোস্টোন জানিয়েছে, আন্তর্জাতিক দর্শনার্থীর হার ২০১৮ সালের প্রায় ৩০ শতাংশ থেকে গত বছর কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৮ শতাংশে।

এছাড়া যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ শাটডাউনের পর পরই ঘোষণাটি এসেছে। এ অচলাবস্থায় কর্মী ও অন্যান্য সংকটের কারণে দেশটির ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) উদ্যান রক্ষণাবেক্ষণে বিপাকে পড়ে। ন্যাশনাল পার্কস কনজারভেশন অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক প্রাক্বলন অনুযায়ী শাটডাউনের সময় ‍উদ্যানগুলোর প্রায় ৪ কোটি ১০ লাখ ডলার লোকসান হয়েছে।

ইন্টেরিয়র ডিপার্টমেন্ট আরো বলছে, আগামী বছর মার্কিন নাগরিকরা জাতীয় বিশেষ দিবসে উদ্যানে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে মেমোরিয়াল ডে ৪ জুলাই স্বাধীনতা দিবসের সপ্তাহান্ত এবং ফ্ল্যাগ ডে ১৪ জুন। একই সঙ্গে কিছু সংস্কারের তথ্য দেয়া হয়েছে।

খবর সিএনএন ও ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক