জার্মানিতে শীতকালীন গমের আবাদ কমেছে। আগামী বছর ফসল সংগ্রহের জন্য এ মৌসুমে দেশটিতে গমের বপন গত বছরের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ কমেছে। এর বিপরীতে দেশটিতে বেড়েছে সরিষার আবাদ। দেশটির সরিষা বপন করা জমির পরিমাণ গত বছরের তুলনায় এবার ১১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। দেশটি জাতীয় পরিসংখ্যান অফিসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, জার্মানিতে এ মৌসুমে ২৮ লাখ ৩০ হাজার হেক্টর শীতকালীন গমের আবাদ হয়েছে। এর বিপরীতে এ সময় শীতকালীন সরিষার আবাদ বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৫২ হাজার হেক্টর। তবে দেশটিতে পশুখাদ্য হিসেবে যবের আবাদ কমেছে ১ শতাংশ। সব মিলিয়ে এ মৌসুমে দেশটিতে ১৩ লাখ ৩০ হাজার হেক্টর যবের বপন হয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, গমের ভালো দাম না পাওয়ায় জার্মানির কৃষকরা এখন সরিষা আবাদের দিকে ঝুঁকছেন।