বিশ্বব্যাপী পাট ও পাটজাত পণ্য ব্যবহার ও বৈচিত্র্যকরণে পাঁচ সুপারিশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে ‘প্রজেক্টিং জুট অ্যাজ দ্য ফাইবার অব দ্য ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ সুপারিশ তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

শাহরিয়ার আলম বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে পাট নিয়ে কৌশলগত ক্যাম্পেইন পরিচালনায় আমরা দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশকে ব্র্যান্ডিং করার প্রধান পণ্য হিসেবে পাটকে দেখতে চাই। এ যাত্রায় বিশ্বব্যাপী আমাদের বন্ধু ও সহযোগীদের অংশীদার হওয়ার আহ্বান জানাই।’ 

এ সময় প্রতিমন্ত্রী পাঁচটি সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন। প্রথমত, অপচনশীল বস্তুর বিকল্প হিসেবে পাটকে পরিবেশবান্ধব পণ্য হিসেবে প্রচার করুন। দ্বিতীয়ত, কৃষক ও উদ্যোক্তাদের সহায়তার অংশ হিসেবে পাট ও পাটজাত পণ্যের অবাধ ও মুক্তবাজার নিশ্চিত করুন। তৃতীয়ত, পাটজাত পণ্য বৈচিত্র্যকরণ ও উচ্চমানের পাটপণ্য তৈরিতে গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ করুন। চতুর্থত, কাঁচা পাট প্রক্রিয়াকরণ, পরিশোধন, গুণগত মান নিশ্চিত ও দূষণ রোধে পর্যাপ্ত পণ্যের ডিজাইন ও উন্নয়নে সহায়তা করুন। পঞ্চমত, বিশ্বব্যাপী তরুণদের মাঝে পাটজাত পণ্য ব্যবহার একটি লাইফস্টাইল হিসেবে ছড়িয়ে দিন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমাদের পাট গবেষক দল প্লাস্টিকের বিকল্প প্যাকেজিংসহ অসংখ্য উদ্ভাবনী পণ্য তৈরি করেছে। এটি আমাদের জন্য উদ্বেগজনক যে পানি ও মাটির সঙ্গে অপচনশীল দ্রব্য মিশে যাচ্ছে। যেটি আমাদের পরিবেশ ও ইকোসিস্টেমের মারাত্মক ক্ষতি করছে। পাট ও অন্যান্য প্রাকৃতিক ফাইবার এর বিকল্প সমাধান হতে পারে।’

প্রতিমন্ত্রী পাটের বাজারের দৃশ্যমানতা বাড়াতে, এটিকে বৈশ্বিক স্থায়িত্বের প্রবণতার সঙ্গে সারিবদ্ধ করতে এবং জলবায়ু-নিরপেক্ষ ভবিষ্যতের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, সবুজ বৃদ্ধির জন্য সব ইচ্ছুক অংশীদারের সঙ্গে হাত মেলাবেন বলে আশা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি।

অনুষ্ঠান শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে পাট পণ্যের প্রদর্শনী ও ফ্যাশন শোর আয়োজন করা হয়।