পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের সাত কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, ফু-ওয়াং ফুডস লিমিটেড, কাট্টলী টেক্সটাইল লিমিটেড ও মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বার্জার পেইন্টস: বহুজাতিক রং উৎপাদক প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ৩০ মে বিকাল ৪টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ মার্চ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
রূপালী ব্যাংক: আগামী ৩০ মে বেলা ২টা ৪৫ মিনিটে ব্যাংক খাতের এ কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটি। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৮ জুলাই বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১২ জুন।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: বীমা খাতের কোম্পানিটির পর্ষদ সভা ২৯ মে বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে কোম্পানিটি।
ইসলামী ইন্স্যুরেন্স: বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা ২৯ মে বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
ফু-ওয়াং ফুডস: খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটির পর্ষদ সভা ৩০ মে বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ মার্চ পর্যন্ত ২০২১-২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে।
কাট্টলী টেক্সটাইল: বস্ত্র খাতের কোম্পানিটির পর্ষদ সভা ৩১ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে চলতি ২০২১-২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৬৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৬ পয়সায়।
মিথুন নিটিং: বস্ত্র খাতের কোম্পানিটির পর্ষদ সভা ৩০ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে।










