বিদায়ী বছরে কম্বোডিয়া চীনের বাজারে প্রথমবারের মতো তিন লাখ টনেরও বেশি চাল রফতানি করেছে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার চাল বাণিজ্য আরেকটি মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি চায়না সার্টিফিকেশন অ্যান্ড ইন্সপেকশন গ্রুপ (সিসিআইসি) কম্বোডিয়া ব্রাঞ্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিসিআইসির কম্বোডিয়া ব্রাঞ্চের মহাব্যবস্থাপক চেন কুইশেং বলেন, ২০২১ সালে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি চীনে ৩ লাখ ৬ হাজার ২২২ টন চাল রফতানি করে। আগের বছর রফতানির পরিমাণ ছিল ২ লাখ ৪৯ হাজার ৩২২ টন। সে হিসাবে রফতানি ২২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। ২০১২ সাল থেকেই চীনের চালের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে কম্বোডিয়া। ওই বছর পাঁচ হাজার টন চাল রফতানি করা হয়। তা এখন তিন লাখ টন ছাড়িয়ে গেছে।

তিনি আরো বলেন, চীনের সহায়তায় কম্বোডিয়ার উৎপাদন ও প্রক্রিয়াকরণে লক্ষণীয় সমৃদ্ধি এসেছে। এছাড়া ২০১৯ সালে দেশটি প্রথমবারের মতো চীনে কলা ও গত বছর আম রফতানি শুরু করে। অদূর ভবিষ্যতে লিচু রফতানি নিয়েও কাজ করছে দুই দেশ।

এদিকে নতুন বছরের প্রথম দিন চীন ও কম্বোডিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এদিন রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ নামে আরো একটি চুক্তি হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ দুটি চুক্তির মধ্য দিয়ে দুই দেশের আর্থসামাজিক ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।