এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক নওশাদ মোস্তফা এবং অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান্তি কুমার সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের অধীনে একটি তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে অ্যালায়েন্স ফাইন্যান্স।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চুক্তির আওতায় ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম থেকে নতুন এবং সম্ভাবনাময় স্টার্টআপগুলো সহজ শর্তে ঋণ সুবিধা পাবে। এর ফলে দেশে উদ্ভাবনী সংস্কৃতি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ সুগম হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরীন এবং অ্যালায়েন্স ফাইন্যান্সের হেড অব বিজনেস শাহানুর রশিদ ও হেড অব এসএমই সাইফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অ্যালায়েন্স ফাইন্যান্স বলছে, এ অংশীদারত্ব দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










