পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য সিটি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা হোসনে আরা আজিজ ব্যাংকটির ৫ লাখ ৭৫ হাজার শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। এ উদ্যোক্তার কাছে বর্তমানে ব্যাংকটির ৫ লাখ ৭৯ হাজার ৪২৫টি শেয়ার রয়েছে, যা থেকে ঘোষণাকৃত শেয়ার চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে বিক্রি করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ব্যাংকটির অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ২০০ কোটি ৬১ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪২ কোটি ৭৮ লাখ টাকা। বর্তমানে ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১২০ কোটি ৬ লাখ ৬ হাজার ৭৪৩। এর মধ্যে ৩২ দশমিক ৫৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৩৪ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৭৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল সিটি ব্যাংক শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২২ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২১ টাকা ৭০ পয়সা ও ৩০ টাকা ৬০ পয়সা।