বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান ও শীর্ষস্থানীয় বৈশ্বিক ফ্যাশন রিটেইলার এইচঅ্যান্ডএম গ্রুপের গ্লোবাল হেড অফ সোর্সিং কারিন লিন্ড এবং হেড অফ কন্ট্রোলিং গ্লোবাল প্রোডাকশন ফ্রেডরিক ক্রাগ মাইলেনবার্গের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ ডিসেম্বর) হংকংয়ে বৈঠকে অনুষ্ঠিত হয়। এতে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব জোরদারকরণ, বাংলাদেশে এইচঅ্যান্ডএম-এর ব্যবসা সম্প্রসারণ এবং পোশাক শিল্পে যৌথভাবে সাসটেইনেবিলিটি সংক্রান্ত উদ্যোগ পরিচালনার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক আজফার হাসান।
উভয় পক্ষই পোশাক খাতে অভিন্ন টেকসই লক্ষ্য অর্জনের জন্য, বিশেষ করে বাংলাদেশে একটি সার্কুলার এবং জলবায়ু-নিরপেক্ষ পোশাক শিল্পের দিকে রূপান্তরকে তরান্বিত করতে এইচঅ্যান্ডএম গ্রুপ এবং বিজিএমইএর মধ্যে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
ফারুক হাসান সম্প্রতি ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নে বাংলাদেশী সরবরাহকারীদের জন্য ক্রয়াদেশে মূল্য সমন্বয় করে সমর্থন প্রদানের জন্য এইচঅ্যান্ডএম গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি কার্বন নির্গমন কমানোর বৈশ্বিক প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের অঙ্গীকারের জন্য এইচঅ্যান্ডএম গ্রুপকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে, কপ২৮ সম্মেলনে এইচঅ্যান্ডএম গ্রুপ এবং বেস্টসেলার একটি যুগান্তকারী ঘোষণায় বাংলাদেশে একটি ৫০০ মেগাওয়াট অফশোর উইন্ড পাওয়ার প্রকল্পে বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। কোপেনহেগেন ইনফ্রাস্ট্রাকচার পার্টনারস (সিআইপি) দ্বারা প্রণয়ন করা প্রকল্পটি বার্ষিক প্রায় ৭ লাখ ২৫ হাজার টন নির্গমন হ্রাস করবে বলে আশা করা হচ্ছে।
ফারুক হাসান উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি, পরিবেশগত সাসটেইনেবিলিটি এবং দক্ষতা উন্নয়নের ওপর বাংলাদেশের পোশাক শিল্পের গুরুত্ব প্রদানের বিষয় তুলে ধরে এইচঅ্যান্ডএম গ্রুপকে আরও ব্যবসা সম্প্রসারণের জন্য বাংলাদেশী সরবরাহকারীদের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশের লক্ষ্য হচ্ছে হাই-ভ্যালুড পণ্যের মাধ্যমে বৈচিত্র্য আনয়ন এবং প্রযুক্তি আপগ্রেড করার মাধ্যমে সাপ্লাই চেইনে এগিয়ে যাওয়া। তিনি এ লক্ষ্য বাস্তবায়নে এইচঅ্যান্ডএম গ্রুপকে তাদের সরবরাহকারীদের সঙ্গে উচ্চ-মানের পোশাক তৈরিতে সহযোগিতা করার জন্যও অনুরোধ জানান।
ফারুক হাসান এইচঅ্যান্ডএম গ্রুপকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, বিশেষ করে উচ্চ-মূল্যের পণ্য এবং ম্যান-মেইড ফাইবার থেকে তৈরি পোশাকের সোর্সিং বাড়ানোর আহ্বান জানান।









