দেশের আবাসন খাতের সর্ববৃহৎ প্রদর্শনী ‘রিহ্যাব ফেয়ার ২০২৫’ শুরু হয়েছে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত চার দিনব্যাপী এ মেলা গতকাল উদ্বোধন করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। ২৭ ডিসেম্বর এ মেলার পর্দা নামবে।
রিহ্যাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম। এ সময় আরো বক্তব্য রাখেন রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া ও সহসভাপতি আক্তার বিশ্বাসসহ সংগঠনের শীর্ষ নেতৃত্ব। স্বাগত বক্তব্য দেন রিহ্যাবের পরিচালক ও মেলা কমিটির কো-চেয়ারম্যান মিরাজ মোক্তাদির। অনুষ্ঠানে রিহ্যাবের সাবেক ও বর্তমান নেতা, বিভিন্ন আবাসন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
রিহ্যাব জানায়, এবারের মেলায় মোট ২২০টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে চারটি ডায়মন্ড স্পন্সর, সাতটি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সর, ১৪টি নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান এবং ১২টি আর্থিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে।
এবারের মেলার অন্যতম আকর্ষণ আবাসন খাতের ডিজিটাল রূপান্তর, যা ক্রেতাদের অভিজ্ঞতায় আনছে নতুন মাত্রা। থ্রিডি ও ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) প্রযুক্তির মাধ্যমে মেলা প্রাঙ্গণেই পছন্দের ফ্ল্যাটটি ঘুরে দেখছেন ক্রেতারা। অনেক প্রতিষ্ঠান এবার নিজস্ব ডিজিটাল সেলস প্লাটফর্মও চালু করেছে।
এছাড়া মেলায় এমন বহু প্রকল্প প্রদর্শিত হচ্ছে, যেখানে স্মার্ট লক, অটোমেটেড লাইটিং, স্মার্ট অ্যাপ্লায়েন্স ও মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত নিরাপত্তার ব্যবস্থা। এ প্রযুক্তির ফলে স্মার্টফোন ব্যবহার করে বাড়ির নিরাপত্তা নিশ্চিত ও বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি, অপরটি মাল্টিপল। সিঙ্গেল টিকিটের প্রবেশমূল্য ৫০ টাকা আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশমূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় পাঁচবার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এ বছরের মেলায় প্রতিদিন র্যাফল ড্র অনুষ্ঠিত হবে।









