চীনে অ্যালুমিনিয়ামের মাসভিত্তিক উত্তোলন বেড়েছে। গত নভেম্বরে দেশটিতে ধাতুটির উত্তোলন অক্টোবরের তুলনায় দশমিক ৬ শতাংশ বেড়েছে। তবে বার্ষিক হিসাবে, গত বছরের তুলনায় এ সময় উত্তোলন ৩ দশমিক ২ শতাংশ কমেছে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নভেম্বরে চীনে অ্যালুমিনিয়ামের উত্তোলনের পরিমাণ ছিল ২৯ লাখ টন। আর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটির মোট উত্তোলনের পরিমাণ ছিল ৩ কোটি ২১ লাখ ৩০ হাজার টন। গত বছরের একই সময়ের তুলনায় যা দশমিক ৬ শতাংশ কম।

প্রাক্কলন অনুযায়ী, বছর শেষে সব মিলিয়ে দেশটির অ্যালুমিনিয়াম উত্তোলন দাঁড়াতে পারে ৩ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টন, যা গত বছরের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ কম। এ সময় অভ্যন্তরীণ ব্যবহার ১ দশমিক ২ শতাংশ কমে দাঁড়াতে পারে ৩ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টনে।