হাইড্রোজেন সরবরাহে বিনিয়োগ করেছে আমেরিকান এয়ারলাইনস। উড়োজাহাজে ব্যবহার উপযোগী এ জ্বালানি সরবরাহে অ্যারোস্পেস কোম্পানি ইউনিভার্সাল হাইড্রোজেনে বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। এ পদক্ষেপ কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমাতে উড়োজাহাজ শিল্পের টেকসই জ্বালানি উদ্যোগের একটি অংশ বলে জানিয়েছে এয়ারলাইনসটি। খবর এপি।

তবে হাইড্রোজেন পেতে ইউনিভার্সাল হাইড্রোজেন ফার্মে কত ডলার বিনিয়োগ করেছে সে বিষয়ে কিছু উল্লেখ করেনি আমেরিকান এয়ারলাইনস। হাইড্রোজেন সরবরাহকারী ফার্মটির জেটব্লু এবং উড়োজাহাজ ও ইঞ্জিন নির্মাতা এয়ারবাস ও জিই এভিয়েশনের সঙ্গেও অংশীদারত্ব রয়েছে।

ফার্মটি জানায়, ২০২৫ সালের মধ্যে অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোয় হাইড্রোজেন সরবরাহের প্রত্যাশা করছে ইউনিভার্সাল হাইড্রোজেন। পরবর্তী সময়ে সরবরাহ প্রসারিত হবে। একই সঙ্গে ২০৩০-এর দশকের মাঝামাঝিতে বড় উড়োজাহাজগুলোতেও হাইড্রোজেন সরবরাহ করার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে ফার্মটির। উড়োজাহাজ শিল্পে টেকসই জ্বালানি হিসেবে হাইড্রোজেনে আস্থা বাড়াতে এ বিনিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে আমেরিকান এয়ারলাইনস।