ভিয়েতনাম টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অ্যাসোসিয়েশনের (ভিটাস) চেয়ারম্যান ভু ডুক গিয়াংয়ের নেতৃত্বে ভিটাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গতকাল ঢাকার উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) পরিদর্শন করেছে। ২৪ সদস্যের প্রতিনিধি দলে ভিটাসের ভাইস চেয়ারম্যানরা নগুয়েন বাও ট্রান, থান ডুক ভিয়েত এবং লু তিয়েন চুংও ছিলেন।

বিজিএমইএ পরিদর্শনকালে প্রতিনিধি দলটি বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে উভয়পক্ষ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন, যা বাংলাদেশ ও ভিয়েতনাম, উভয়ের জন্য বিশেষ করে টেক্সটাইল এবং পোশাক শিল্পে পারস্পরিক সুবিধা নিয়ে আসতে পারে। বৈঠকে বিজিএমইএ পরিচালক আসিফ আশরাফও উপস্থিত ছিলেন। 

আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল উভয় দেশের টেক্সটাইল এবং পোশাক খাতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়। ভিয়েতনামের প্রতিনিধি দল বাংলাদেশের পোশাক শিল্পের সাফল্যের গল্প, বিশেষ করে কর্মক্ষেত্রের নিরাপত্তা, পরিবেশগত সাসটেইনেবিলিটি এবং বস্ত্র ও পোশাক শিল্পে সার্কুলারিটি বিষয়ে অগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘বাংলাদেশ নন-কটন পণ্যের ওপর বিশেষ মনোযোগ দিয়ে পণ্যের মূল্য সংযোজন ও বৈচিত্র্যকরণের ওপর জোর দিচ্ছে।

তিনি উচ্চমূল্যের আইটেম উৎপাদনে ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশও কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অগ্রগতি ভিয়েতনামের সঙ্গে শেয়ার করতে পারে বলে জানান তিনি।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এবং ভিয়েতনামের পোশাক ব্যবসায়ী সমিতি ও ফ্যাশন ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতার মাধ্যমে জ্ঞান ও দক্ষতা শেয়ার করার ওপর গুরুত্বারোপ করেন।