চীন বিশ্বের অন্যতম শীর্ষ প্রাকৃতিক গ্যাসের ভোক্তা দেশ। দেশটিতে জ্বালানি পণ্যের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। এ ধারাবাহিকতায় আগামী বছর চীনে জ্বালানিটির ব্যবহার বেড়ে ৩২ হাজার কোটি ঘনমিটারে উন্নীত হতে পারে। দেশটির রাষ্ট্রায়ত্ত এনার্জি গ্রুপ চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন (সিএনপিসি) কর্তৃক পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

সিএনপিসির ইকোনমিকস অ্যান্ড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটের (ইটিআরআই) সহসভাপতি শিয়াং সুয়েফেং জানান, চলতি বছর শেষে চীনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার দাঁড়াবে ৩০ হাজার কোটি ঘনমিটারে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি।

বাড়তি চাহিদা মেটাতে এ সময় অভ্যন্তরীণভাবে প্রাকৃতিক গ্যাসের উত্তোলন বাড়াবে দেশটি। সিএনপিসির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) নিজস্ব কূপগুলো থেকে সব মিলিয়ে ১৪ হাজার ২৩০ কোটি ঘনমিটার গ্যাস উত্তোলন করেছে চীন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩ শতাংশ বেশি। বছর শেষে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন দাঁড়াতে পারে ১৭ হাজার কোটি ঘনমিটার, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি।

পরিবেশ ইস্যু কেন্দ্র করে চীন সম্প্রতি কয়লার পরিবর্তে ক্লিন এনার্জি হিসেবে পরিচিত প্রাকৃতিক গ্যাসে ঝুঁকেছে। তবে এ মুহূর্তে নীতিটিতে অনেকটা কোমল অবস্থানে রয়েছে দেশটির সরকার। কারণ মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের জেরে দেশটির অর্থনৈতিক গতি শ্লথ হয়ে পড়েছে। এছাড়া দেশটির অভ্যন্তরীণ বাজারে কয়লার তুলনায় প্রাকৃতিক গ্যাস অধিক ব্যয়বহুল। ফলে চলতি বছর দেশটির গ্যাস আমদানি প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কমতির দিকে রয়েছে।

সিএনপিসির তথ্য অনুযায়ী, এবার ৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দেশটি আন্তর্জাতিক বাজার থেকে মোট ১৩ হাজার ৩০০ কোটি ঘনমিটার প্রকৃতিক গ্যাস আমদানি করতে পারে। যেখানে আগের বছর দেশটির গ্যাস আমদানি প্রবৃদ্ধি ছিল ৩১ দশমিক ৯ শতাংশ।