বিশ্বজুড়ে ব্যাংক খাতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। তৈরি হয়েছে মন্দার শঙ্কা। এ পরিস্থিতিতে সিটিগ্রুপের বৈশ্বিক মুনাফায় ৫ শতাংশ পতন দেখা দিয়েছে। খবর রয়টার্স।

গত মাসে যুক্তরাষ্ট্রের মাঝারি আকারের কিছু ব্যাংক পতনের মুখে পড়ে। বন্ধ হয়ে যায় সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংক। এ অবস্থায় গোটা বিশ্বের ব্যাংক খাতই এক ধরনের টালমাটাল পরিস্থিতির মধ্যে পড়ে। যার রেশ পড়েছে বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান সিটিগ্রুপের বৈশ্বিক মুনাফায়ও পড়েছে এর প্রভাব। 

সিটি স্ট্র্যাটেজিস্টের প্রধান বিয়েটা এম মানথে বলেন, ব্যাংক খাতে সৃষ্ট চাপ আমাদের মনে করিয়ে দেয় মুদ্রানীতি কঠোর করার পরিণতির কথা। আমার মনে হয়, সামনের দিনগুলোয় বিনিয়োগকারীদের মনোযোগ সুদের উচ্চ হারের থেকে সরে মন্দার ঝুঁকির দিকে চলে যাবে। 

এ মুহূর্তে ব্যাংক খাতে যে আস্থার সংকট তৈরি হয়েছে, তা ঋণের প্রবাহ কমিয়ে দিতে পারে। বিশ্বব্যাপী আর্থিক খাতেরও অবনমন হতে পারে। বিশ্লেষকরা আরো বলছেন, খাদভিত্তিক অস্থিরতা সম্ভবত আরো কিছুদিন অব্যাহত থাকবে। কারণ বছরের দ্বিতীয়ার্ধে মন্দার শঙ্কা করা হচ্ছে।