জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা ফ্ল্যাট রোল ইলেকট্রিক্যাল ইস্পাত আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক বৃদ্ধি করেছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ২৩ জুলাই থেকে শুরু হওয়া এ বর্ধিত শুল্ক পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকবে। জেএফই স্টিল ও নিপ্পন স্টিল করপোরেশনের মতো জাপানি প্রতিষ্ঠানের জন্য শুল্ক ৩৯ থেকে ৪৫ দশমিক ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানগুলোর জন্য ৩৭ দশমিক ৩ শতাংশ আর ইইউ প্রতিষ্ঠানগুলোর জন্য ৩৭ দশমিক ৩ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।
গত বছরের জুনে জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইইউয়ের পাঁচ বছর মেয়াদি শুল্ক শেষ হওয়ার পর তাদের ইস্পাতে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু করে চীন। বাওশান আয়রন অ্যান্ড স্টিল এবং বেইজিং শোওগ্যাংয়ের একটি ইউনিটের করা পিটিশনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে চীন। তাদের বক্তব্য, শুল্ক বাতিল করলে বা কমালে আরো বেশি ডাম্পিংয়ের ঘটনা ঘটবে এবং তাতে অভ্যন্তরীণ ইস্পাত খাত আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে।










