চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (এপ্রিল-জানুয়ারি) ভারতের কোকিং কয়লা (ইস্পাত ও ধাতু শিল্পে ফার্নেসে জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা) আমদানি বেড়ে পাঁচ বছরের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এক্ষেত্রে দেশটির শীর্ষ সরবরাহকারী ছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ব্যয়বহুল হওয়ায় এ সময় অস্ট্রেলিয়া থেকে আমদানি হয়েছে তুলনামূলক কম। খবর দ্য হিন্দু ‍বিজনেস লাইন।

ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, এপ্রিল-জানুয়ারি পর্যন্ত দেশটি ৪ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টন কোকিং কয়লা আমদানি করে। এর মধ্যে রাশিয়া থেকে পাঁচ বছরের ব্যবধানে আমদানি ১৪০ শতাংশ বেড়েছে।

গত অর্থবছরের প্রথম ১০ মাসে দেশটি ১৭ লাখ ৭০ হাজার টন আমদানি করেছিল। ২০২২ অর্থবছরের একই সময় কোনো কোকিং কয়লা আমদানি হয়নি। ২০২১ অর্থবছরের এ সময় আমদানির পরিমাণ ছিল ১৯ লাখ ৫০ হাজার টন।

কোকিং কয়লা মূলত ইস্পাত উৎপাদনে ব্যবহার হয়। এটির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ভারত রাশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে। এর আওতায় রুশ কোম্পানিগুলোয় ভারতে বিপুল পরিমাণ কোকিং কয়লা সরবরাহ করছে। মূলত এ কারণেই এটির আমদানিতে এমন উল্লম্ফন দেখা দিয়েছে। 

ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ অপরিশোধিত ইস্পাত উৎপাদক। এ খাতের জন্য দেশটি প্রতি বছরই বিপুল পরিমাণ কোকিং কয়লা আমদানি করে। ভারতে কোকিং কয়লা সরবরাহের ক্ষেত্রে প্রধান দুই বাজার কানাডা ও মোজাম্বিক। সম্প্রতি দেশ দুটিকে পেছনে ফেলেছে রাশিয়া। অন্যদিকে ভারতে জ্বালানিটি সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাজার হিস্যাও লক্ষণীয় মাত্রায় বেড়েছে।

ভারতে সবচেয়ে বেশি কোকিং কয়লা সরবরাহ করে অস্ট্রেলিয়া। কিন্তু চলতি বছরের প্রথম ১০ মাসে দেশটি থেকে আমদানি লক্ষণীয় মাত্রায় কমেছে। বাজার হিস্যা ৭৫ শতাংশ থেকে নেমে এসেছে ৬০ শতাংশে। 

প্রসঙ্গত, চীনের পর বৈশ্বিক কয়লা উত্তোলনে বড় হিস্যা ভারতের। ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলায় এ কয়লার বড় একটি অংশ যাচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। এ কারণে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে উত্তোলন। ২০২৪-২৫ অর্থবছরে দেশীয় কয়লা উত্তোলন ১০ দশমিক ৯ শতাংশ বেড়ে ১১৩ কোটি টন হবে বলে পূর্বাভাস দিয়েছে ভারত।

২০২৩-২৪ অর্থবছরে ৭৮ কোটি টন কয়লা উত্তোলনের পূর্বাভাস দিয়েছিল ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া। বর্তমানে এটি সংশোধন করে আরো সাত কোটি টন বাড়িয়ে সম্ভাব্য উত্তোলনের পরিমাণ ৮৫ কোটি টন প্রাক্কলন করেছে সংস্থাটি। সামগ্রিক উত্তোলনের ক্ষেত্রে ২০২২-২৩ অর্থবছরে কোল ইন্ডিয়ার হিস্যা ছিল ৮০ শতাংশ, উত্তোলন বাড়লেও পরের বছর তা কমে ৭৫ শতাংশ হতে পারে। এখন নতুন পূর্বাভাস অনুযায়ী, প্রত্যাশা পূরণ হলে টানা তৃতীয় বছরের মতো ভারতে কয়লা উত্তোলন ১০ শতাংশের বেশি হারে বাড়বে।