যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি বিক্রির পরিমাণ বাড়ছে। সর্বশেষ গত জানুয়ারিতে এক লাফে বাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ। যা সর্বশেষ ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। শুক্রবার এ তথ্য প্রকাশ করে দেশটির জনগণনা ব্যুরো এবং ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট। খবর আনাদোলু এজেন্সি।

একক পরিবারের জন্য নির্মিত নতুন বাড়ি বিক্রির পরিমাণ ৭ দশমিক ২ শতাংশ বেড়ে গত মাসে ৬ লাখ ৭০ হাজার ইউনিটে পৌঁছেছে। বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, ডিসেম্বরেও প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি হয়েছিল। এর আগে ডিসেম্বরের জন্য ৬ লাখ ১৬ হাজার ইউনিট বিক্রির পূর্বাভাস দেয়া হলেও মাস শেষে তার পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ২৫ হাজার ইউনিট।

নতুন বাড়ি বিক্রির জন্য যখন দুই পক্ষের মধ্যে চুক্তি হয়, তখন সেটিকেই এক ইউনিট হিসেবে গণ্য করা হয়। কত ইউনিট বাড়ি বিক্রি হচ্ছে তা একটি দেশের আবাসন খাতের ব্যবসার সূচক হিসেবেও কাজ করে। 

যুক্তরাষ্ট্রে অঞ্চলভিত্তিক হিসাবে দেখা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলে বাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে। তবে মধ্যপশ্চিম, উত্তর-পূর্ব এবং পশ্চিমাঞ্চলে কিছুটা কমেছে। রয়টার্সের অর্থনীতিবিদদের জরিপের পূর্বাভাসে বলা হয়েছিল, একক পরিবারের বসবাসের মতো বাড়ি বিক্রির পরিমাণ ৬ লাখ ২০ হাজার ইউনিটে পৌঁছবে। 

তবে জানুয়ারির হিসাব তা ছাড়িয়ে গেছে। অবশ্য এ সময় বাড়ি বিক্রির সংখ্যা বাড়লেও দাম কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, ফেডারেল রিজার্ভের আগ্রাসী সুদের হার বৃদ্ধিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসন খাত।