দ্রুত সময়ের মধ্যে বিদেশী ক্রেতাদের ঠিকানায় পণ্য পৌঁছে দিতে নতুন কৌশল নিয়েছে চীনের ই-কমার্স জায়ান্ট শেইন। সরবরাহের সময় কমিয়ে আনতে চীন থেকে যুক্তরাষ্ট্রের গুদামে স্বল্প মূল্যের পোশাক ও গৃহস্থালি পণ্যের মজুদ বাড়াবে তারা। গ্লোবাল ট্রেড অ্যানালাইসিস ফার্ম ‘ইমপোর্ট জিনিয়াস’ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
শেইন তাদের ১০ ডলার মূল্যের টপস এবং ৫ ডলারের বাইকার শর্টস পোশাকের জন্য পরিচিত। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতা তাদের পণ্যগুলো সঠিক সময়ে না পাওয়ার অভিযোগ করেন। অর্ডার করার পর দুই সপ্তাহ বা তারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে অনেককে। এমন পরিস্থিতিতে টার্গেট, ওয়ালমার্ট ও অ্যামাজনের মতো বড় প্রতিযোগীদের থেকে পিছিয়ে পড়েছে ই-কমার্স কোম্পানিটি। ফলে যুক্তরাষ্ট্রের গুদামে মজুদ বাড়াবে তারা।
বিশ্লেষকরা জানান, শেইন স্টক মার্কেটে নজর দিচ্ছে। ফলে কোম্পানিটি অন্যান্য প্রতিষ্ঠিত খুচরা বিক্রেতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যুক্তরাষ্ট্রে তাদের চালান বৃদ্ধি করবে।
যুক্তরাষ্ট্রের বাজারে শেইনের ফিজিক্যাল স্টোরের অভাব নেই। ফলে তাদের নতুন পদক্ষেপ চীন থেকে সরাসরি পণ্য পাঠানোর ঐহিত্যে একটি কৌশলগত পরিবর্তন হিসেবে মনে করা হচ্ছে।










