২০ মিলিয়ন ডোজ করোনার ভ্যাকসিন ও পরীক্ষার কিট সরবরাহের অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এ ভ্যাকসিন ও পরীক্ষার কিট সরবরাহ করবে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে এএফসি এগ্রো বায়োটেক।
তথ্য অনুসারে, প্রধানমন্ত্রীর কাছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন ও পরীক্ষার কিট সরবরাহের অনুমোদন চেয়ে আবেদন করেছিল এএফসি এগ্রো বায়োটেক। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি কোম্পানিটি থেকে করোনার ভ্যাকসিন ও পরীক্ষার কিট কেনার বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। অনিবাসী বাংলাদেশী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও
কোম্পানিটির সমন্বিত প্রয়াসে এ ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। শিগগিরই এ ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদন শুরু করবে কোম্পানিটি।
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এএফসি এগ্রো বায়োটেকের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৯ ডিসেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৭ নভেম্বর। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৫ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকায়।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এএফসি এগ্রো বায়োটেক।










