পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি ২০২২ হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সর্বশেষ হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মেঘনা ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৭০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৫ কোটি ৭১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৩ কোটি টাকার বেশি বা ৫২ দশমিক ৬৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আইপিও-পরবর্তী শেয়ার বিবেচনায় যা ৬৮ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৭ টাকা ২০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির আইপিও-পূর্ববর্তী পরিশোধিত শেয়ার বিবেচনায় শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৬ পয়সায়। আইপিও-পরবর্তী পরিশোধিত শেয়ার বিবেচনায় যা দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৬ পয়সায়।