বিদ্যুচ্চালিত গাড়ির জন্য যুক্তরাষ্ট্রে সুপারচার্জিং স্টেশনগুলো অন্য কোম্পানির গাড়ির জন্যও উন্মুক্ত করে দেয়ার কথা বেশ কয়েকবারই জানিয়েছেন টেসলার প্রধান ইলোন মাস্ক। কিন্তু আদতে কখনই তা বাস্তবায়ন করেননি বা বাস্তবায়নের উদ্যোগ নেননি তিনি। অথচ দেশটির বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে তিনি। তবে সম্ভবত এখন সে পরিকল্পনা বাস্তবায়ন করতেই হচ্ছে মাস্ককে। কারণ এবার সরকারের তরফ থেকে চাপ আসতে যাচ্ছে। খবর রয়টার্স।

মার্কিন পরিবহন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি পরিকল্পনা চূড়ান্ত করা হবে। যেখানে টেসলাকে চাপ দেয়া হবে তারা যেন চার্জিং স্টেশনের আওতা বাড়ায় এবং প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর গাড়ি চার্জ দেয়ারও ব্যবস্থা রাখে।

উল্লেখ্য, টেসলার সুপারচার্জার নেটওয়ার্ক অত্যন্ত উন্নতমানের, শক্তিশালী, দ্রুত চার্জ দিতে সক্ষম। বিশ্বজুড়ে ৪০ হাজার সুপারচার্জার রয়েছে টেসলার। কিন্তু এগুলোয় কেবল টেসলা গাড়িই চার্জ দেয়া সম্ভব। অর্থাৎ ফক্সওয়াগন, ফোর্ড বা শেভির মতো গাড়ি এসব স্টেশনে চার্জ দেয়া সম্ভব না। যুক্তরাষ্ট্রের কম্বাইন্ড চার্জিং সিস্টেমেও চাইলে একটি অ্যাডাপটার যুক্ত করে টেসলার গাড়ি চার্জ দেয়া যায়। কিন্তু টেসলার চার্জিং পয়েন্টে এ সুবিধা পায় না অন্য কোম্পানির গাড়িগুলো। আর এখানেই পরিবর্তন চায় মার্কিন প্রশাসন। 

আগামী বছরগুলোর জন্য বিদ্যুচ্চালিত গাড়ির বিষয়ে কিছু পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সে পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রতিটি প্রয়োজনীয় স্থানে ইভি চার্জ দেয়ার জন্য চার্জিং স্টেশন থাকবে। ২০২১ সালে এ স্টেশনের সংখ্যা ছিল এক লাখ। সেটি তিনি পাঁচ লাখে উন্নীত করতে চান। এ কাজে যদি টেসলা এগিয়ে না আসে তাহলে সরকারের পক্ষ থেকে দেয়া ৭৫০ কোটি ডলারের প্রণোদনা থেকে কোম্পানিটিকে বাদ দেয়া হবে।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে বাইডেন প্রশাসন। তারই গুরুত্বপূর্ণ একটি অংশ হলো এই চার্জিং স্টেশনের আওতা বাড়ানো। কারণ ২০৩০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের বিক্রি হওয়া গাড়ির ৫০ শতাংশই বিদ্যুচ্চালিত বাহনে পরিণত করতে চায় সরকার। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত চার্জিং স্টেশনের অভাবে যুক্তরাষ্ট্রের বাজারে ইভি বিক্রির গতি অনেকটাই মন্থর, যা জলবায়ু পরিবর্তনকেও প্রভাবিত করছে। 

যেহেতু সরকারের পক্ষ থেকেই চাপ আসছে, তাই এটা প্রকাশ্য যে টেসলাও তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করতে বাধ্য হবে। সেই সঙ্গে প্রণোদনা বন্ধ হওয়ারও শঙ্কা তৈরি হয়েছে। যদিও ইলোন মাস্ক সবসময়ই প্রণোদনা গ্রহণের বিষয়টি অস্বীকার করে এসেছেন। 

এর আগে গত বছর ফেডারেল হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেশন বরাবর একটি চিঠি লিখেছিল টেসলা। সেখানে কীভাবে চার্জিং স্টেশনের বিষয়টির সুরাহা করা যায় বা কোন পথে এগোলে এটি সবার জন্য উপযুক্ত হয় সেই বিষয়ে বাইডেন প্রশাসনের পরামর্শ চাওয়া হয়েছিল।

গত মাসে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের মুখপাত্রের সঙ্গে ইলোন মাস্কের বৈঠক হয়। সেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইভি চার্জিং স্টেশনের বিষয় নিয়েও আলোচনা হয়। তবে এ বিষয়ে মাস্কের কী পরিকল্পনা সে সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রের বাজারে সুপারচার্জার স্টেশন চালু না করলেও অস্ট্রেলিয়া ও ইউরোপের অনেক স্থানে এমন স্টেশন স্থাপন করেছে টেসলা। সে কারণে এ বিষয়ে অগ্রগতির প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

অ্যারিজোনা রাজ্যের পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা থর অ্যান্ডারসন বলেন, ‘‌টেসলার একজন প্রতিনিধির সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। টেসলা কর্তৃপক্ষ আলোচনার জন্য দরজা উন্মুক্ত রাখলেও এখনো কোনো প্রতিশ্রুতি দেয়নি।’