চলতি বছরের এপ্রিল থেকে ভারতে শুরু হয়েছে ২০১৯-২০ অর্থবছর। এ সময় থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে স্বর্ণের আমদানি কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ। খবর টাইমস অব ইন্ডিয়া ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথমার্ধে দেশটি আন্তর্জাতিক বাজার থেকে মোট ১ হাজার ৭৬৩ কোটি মার্কিন ডলার বা ১ লাখ ২৫ হাজার কোটি রুপি সমমূল্যের স্বর্ণ আমদানি করেছে। আগের অর্থবছরের একই সময়ে ধাতুটির আমদানিবাবদ দেশটির ব্যয় হয়েছিল ১ হাজার ৯৪০ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে এ খাতে ভারতের ব্যয় কমেছে ১৭৭ কোটি ডলার।

এদিকে স্বর্ণ আমদানি হ্রাস পাওয়ার প্রভাব পড়েছে দেশটির বাণিজ্য ঘাটতি সংকোচনে। এপ্রিল-অক্টোবরে দেশটির বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৯ হাজার ৪৭২ কোটি ডলারে। ২০১৮-১৯ অর্থবছরের একই সময়ে দেশটিতে ১১ হাজার ৬১৫ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি বজায় ছিল। সে হিসাবে মূল্যবান ধাতুটির ক্রয় কমানোয় এক বছরের ব্যবধানে দেশটিতে বাণিজ্য ঘাটতি কমেছে ২ হাজার ১৪৩ কোটি ডলার।

এ বছরের জুলাই থেকে ভারত স্বর্ণ আমদানিতে নেতিবাচক প্রবৃদ্ধির রেকর্ড শুরু হয়। মূলত দেশটির চলতি হিসাব ঘাটতি (সিএডি) ও বাণিজ্য ঘাটতি হ্রাসে সরকার এ অর্থবছরের বাজাটে স্বর্ণ আমদানি শুল্ক বাড়িয়ে দিয়েছে। আগের বছর ভারতে হলুদ ধাতুটির আমদানি শুল্ক ছিল ১০ শতাংশ। এ বছরে তা বাড়িয়ে ১২ দশমিক ৫ শতাংশে উন্নীত করা হয়। এছাড়া আন্তর্জাতিক বাজারে সম্প্রতি খনিজ পণ্যটির দাম বেড়ে ছয় বছরের সর্বোচ্চে পৌঁছেছে।

এতে ভারতের অভ্যন্তরীণ বাজারে স্বর্ণের দাম বেড়ে বিক্রি কমে কয়েক বছরের সর্বনিম্নে চলে আসে। ফলে আমদানি কমিয়ে আনতে বাধ্য হন স্বর্ণ ব্যবসায়ীরা।

ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরেন্দা মেহেতা জানান, উচ্চমূল্য বজায় থাকায় এবারের দীপাবলি ও বিজয়া দশমিতে খুচরা পর্যায়ে স্বর্ণের চাহিদা মারাত্মকভাবে কমেছে।

তবে অক্টোবরে এসে সেপ্টেম্বরের তুলনায় ৫ শতাংশ বেশি প্রবৃদ্ধি নিয়ে দেশটি ১৮৪ কোটি ডলার সমমূল্যের স্বর্ণ আমদানি করেছে। এ সময় দেশটিতে ধাতুটির আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ টন। তবে গত বছরের তুলনায় এ সময় ধাতুটির আমদানি কমেছে ৩৩ শতাংশ।

উল্লেখ্য, চীনের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্বর্ণ ভোক্তা দেশ ভারত। তবে খনিজ দ্রব্যটির উত্তোলনে দেশটির অবস্থান বেশ পেছনের সারিতে। এতে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দেশটিকে বিদেশ থেকে আমদানীকৃত স্বর্ণের ওপর নির্ভর করতে হয়। ভারত প্রতি বছর গড়ে ৮০০-৯০০ টন স্বর্ণ আমদানি করে থাকে, যা দেশটিকে শীর্ষ আমদানিকারকে পরিণত করেছে। অলঙ্কার তৈরিতে দেশটি সর্বাধিক হারে স্বর্ণের ব্যবহার করে থাকে।