চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জে প্রায় সব ধরনের ডালের দাম নিম্নমুখী। রমজানের মাঝামঝি সময় ডালের চাহিদা কমে যাওয়া এবং পাইকারি বাজারে ক্রেতার সমাগম কম থাকায় দামে প্রভাব পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। বর্তমান বাজারে থাকা প্রায় সব ধরনের ডাল আগের সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় ২-৫ টাকা কমে বিক্রি হচ্ছে।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, চলতি মাসের শুরুতে চাহিদা বেশি থাকায় ডালের দাম মোটামুটি বেশি ছিল। তাছাড়া রমজানের শুরুতেও চাহিদা ছিল। এখন রমজানের মাঝামাঝি, ফলে চাহিদা কিছুটা কম।
গতকাল দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ ঘুরে দেখা গেছে, মসুর ডাল (বড় দানা) কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। গত সপ্তাহে এটি ছিল ১১৬-১১৮ টাকা। মসুর ডাল (ছোট দানা) বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১২৬-১২৭ টাকা। ভারতীয় মসুর ডালের দাম গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও স্থিতিশীল রয়েছে। এদিকে মুগ ডাল বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। এ ডালও গত সপ্তাহে ১৫২ টাকা দরে বিক্রি হয়েছে।
অস্ট্রেলিয়ান ছোলার ডাল মানভেদে ৯৫-১০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এ ডালের দাম ছিল ৯৮-১০৫ টাকা। মটর ডাল এখন বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭২ টাকায়, গত সপ্তাহে ছিল ৭২-৭৬ টাকা। বর্তমানে দেশে সব ধরনের ডালের বার্ষিক চাহিদা ২৫-২৬ লাখ টন। দেশের সব মিলিয়ে মোট উৎপাদন হয় ১০-১২ লাখ টনের কাছাকাছি। ফলে অর্ধেকের বেশি পরিমাণ ডাল আমদানি করতে হয়।










