মমতা দিয়ে কর আদায়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জোর করে নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে মমতা দিয়ে কর আদায় করুন। দেশকে এগিয়ে নিতে রাজস্ব সংগ্রহের বিকল্প নেই।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) এনবিআরের ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। আগারগাঁও এনবিআর ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ঢাকায় ক্যাশমেমো দিতে চায় না আর কলকাতায় ডেকে নিয়ে ক্যাশমেমো দেয় বলে অভিজ্ঞতার কথা জানান সাবেক এ গভর্নর। উত্তর ইউরোপের দেশগুলোতে নাগরিকরা উচ্চহারে কর দেন বলেও তিনি মন্তব্য করেন।
ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে করছাড় দেয়ার সমালোচনা করে সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ৫০ বছর ধরে আমরা করছাড় দিয়ে শিশু লালনপালন করছি; আর কতকাল লালন করব? আমি উদাহরণ দিলাম। আপনারা অনেকেই বুঝতে পারবেন। যে শিশুদের এতদিন ধরে লালনপালন করা হয়েছে, তারা এখন শারীরিকভাবে বড় হয়ে গেছে। তারা এখনো বলে, আমাদের সুরক্ষা দিন; কিন্তু সুরক্ষার দিন তো চলে গেছে।
অর্থ উপদেষ্টা আরো বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসবে, যাকে বলে এলডিসি উত্তরণ হবে। তাই করছাড়ের এসব সুবিধা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান বলেন, যেখানে কর প্রতিপালন হবে না, সেখানে কঠোর হতে হবে। ভ্যাট চালানের বিষয়ে সচেতনতা তৈরি ও ভ্যাট চালান নেয়ার বিষয়ে ভোক্তাদের প্রতি তিনি আহ্বান জানান।
অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন, কর-জিডিপি অনুপাত না বাড়লে এত সম্পদের জোগান কোত্থেকে আসবে। কর অব্যাহতি সুবিধা প্রত্যাহার একসঙ্গে না করে ধাপে ধাপে করার জন্য তিনি পরামর্শ দেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান বলেন, ভ্যাটের হার কমিয়ে ক্ষেত্র বাড়ানো যেতে পারে। এনবিআরের সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) আবদুর রউফ।










