নতুন লোকবল নিয়োগের পরিকল্পনা করছে টাটা গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া। জানা গেছে, প্রাথমিকভাবে ৪ হাজার ২০০ কেবিন ক্রু এবং ৯০০ পাইলট নেয়ার পরিকল্পনা করা হয়েছে। চলতি বছরই এ নিয়োগ সম্পন্ন হবে। এর আগে চলতি মাসের শুরুতে দুটি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ৪৭০টি উড়োজাহাজ কেনার চুক্তিও চূড়ান্ত করে প্রতিষ্ঠানটি। খবর টাইমস অব ইন্ডিয়া।
একটা দীর্ঘ সময় রাষ্ট্রীয় মালিকানায় ছিল এয়ার ইন্ডিয়া। গত বছর এর মালিকানা নতুন করে ফিরে পায় টাটা গ্রুপ। এরপর হারানো গৌরব পুনরুদ্ধারে মাঠে নামে শিল্পগ্রুপটি। তারই অংশ হিসেবে নানা ধরনের পরিবর্তন পরিমার্জন আসছে এয়ার ইন্ডিয়ায়। যার ধারাবাহিকতায় এয়ারবাস ও বোয়িংয়ের কাছ থেকে কেনা হচ্ছে আধুনিক বাহন, নিয়োগ দেয়া হচ্ছে লোকবল। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত বছরের মে থেকে চলতি ফেব্রুয়ারি পর্যন্ত ১ হাজার ৯০০ কেবিন ক্রু নিয়োগ দেয়া হয়েছে। নতুন কেবিন ক্রুদের দেশের বিভিন্ন স্থান থেকে যাচাই-বাছাই করে নিয়োগ দেয়া হবে। এরপর ১৫ সপ্তাহের একটি নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে তাদের নিরাপত্তা ও অন্যান্য পরিষেবাসংক্রান্ত বিষয় শেখানো হবে। যেন তারা টাটা গ্রুপের সেরা পরিষেবার ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন।
এয়ার ইন্ডিয়ার ইন ফ্লাইট সার্ভিসের প্রধান সন্দীপ ভার্মা জানান, নতুন পাইলট ও প্রকৌশলী নিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যাও বাড়ানো হচ্ছে। নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে লকডাউন ও বিধিনিষেধ কাটিয়ে জমে উঠতে শুরু করেছে এয়ারলাইন্স খাতের ব্যবসা। যাত্রী চাহিদাও বেড়েছে। এবার সে সুযোগটিই কাজে লাগাতে চায় এয়ার ইন্ডিয়া।










