গতকাল সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতা পরিলক্ষিত হয়েছে। এতে অধিকাংশ শেয়ারের দর কমেছে। তবে বড় মূলধনি বেশকিছু কোম্পানির শেয়ার দর বাড়ার প্রভাবে গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে। অবশ্য সূচক বাড়লেও পুঁজিবাজারে দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, আর্থিক ফলাফল প্রকাশকে কেন্দ্র করে বেশকিছু বড় মূলধনি কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়েছে। এ কারণে গতকাল দিনভর পুঁজিবাজারে অস্থিরতা দেখা গেলে বড় মূলধনি কোম্পানির শেয়ার কেনার চাপ দেখা গিয়েছে। অন্যদিকে একশ্রেণীর বিনিয়োগকারীরা দেশের সাম্প্রতিক সামষ্টিক অর্থনীতির টানাপড়েনের কারণে কোম্পানিগুলোর আর্থিক ফলাফলে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন। এ কারণে তারা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন। তবে বড় মূলধনি কোম্পানির শেয়ার কেনায় চাপ থাকায় দিনশেষে সূচকে ইতিবাচক অবস্থান বজায় ছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর ১ মিনিট পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। অবশ্য লেনদেনের ১৭ মিনিট পরই সূচকটি ঘুরে দাঁড়ায় এবং বেলা ১০টা ৩৭ মিনিটে দিনের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। অবশ্য শেয়ার বিক্রির চাপে এরপর আবারো নিম্নমুখী হতে শুরু করে সূচক। দিনভর ওঠানামার মধ্য দিয়ে শেষ পর্যন্ত গতকাল দিনশেষে আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৬০ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১ পয়েন্ট কমে ১ হাজার ৪৪১ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ারের।

ডিএসইতে গতকাল ১ হাজার ৮৭৭ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে এর আগের কার্যদিবসে লেনদেন ছিল ২ হাজার ২০১ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৮৮টির আর অপরিবর্তিত ছিল ১১৯টি সিকিউরিটিজের বাজারদর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৪৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল ১১ হাজার ৫০৬ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৮০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৯ হাজার ১৯৬ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত ছিল ৭৩টির বাজারদর। গতকাল সিএসইতে ২৭ কোটি ৯০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪৩ কোটি ১০ লাখ টাকা।