পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সিলকো ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির পর্ষদ সভা বেলা ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে পরিচালক বাদে বাকি বিনিয়োগকারীদের জন্য ১ দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সিলকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ২ পয়সায়।

গোল্ডেন সন: কোম্পানিটির পর্ষদ সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে গোল্ডেন সনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৬ পয়সায়।

সোনালী লাইফ: কোম্পানিটির পর্ষদ সভা বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ), দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) ও তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরের সোনালী লাইফের ইপিএস হয়েছে ১ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৯ টাকা ৬৪ পয়সায়।