সাপ্তাহিক ছুটি ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে আজ থেকে পাঁচদিনের জন্য লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে। ছুটির আগে গতকাল ছিল শেষ কর্মদিবস। এদিন দেশের পুঁজিবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। গতকাল দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। মূলত লেনদেন শেষ হওয়ার আগের ৫ মিনিটের ক্রয়চাপের কারণে পতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।
বাজার বিশ্লেষকরা বলছেন, গ্যাসস্বল্পতায় দেশব্যাপী বিদ্যুৎ সংকট, মূল্যস্ফীতির চাপ, টাকার অবমূল্যায়ন ও কভিড সংক্রমণ বাড়ার মতো বিষয়গুলো বিনিয়োগকারীদের শঙ্কিত করে তুলছে। এতে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে। এক শ্রেণীর বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে টাকা হাতে রাখাটাকেই নিরাপদ মনে করছেন। অন্যদিকে আরেক শ্রেণীর বিনিয়োগকারীর মধ্যে আকর্ষণীয় দামে শেয়ার কিনে রাখার প্রবণতা দেখা যাচ্ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর ২৪ মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল সূচক। কিন্তু শেয়ার বিক্রির চাপের পর থেকেই দরপতন হতে থাকে। অবশ্য বেলা সোয়া ১১টা থেকেই আবার ঘুরে দাঁড়ায় সূচক। বেলা ১১টা ৫২ মিনিট থেকেই আবার পয়েন্ট হারাতে শুরু করে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স। বেলা ১টা ২২ মিনিট থেকে আবারো ঊর্ধ্বমুখিতা দেখা যায়। কিন্তু লেনদেন শেষ হওয়ার আধা ঘণ্টা আগে থেকেই আবারো পয়েন্ট হারাতে শুরু করে সূচক। যদিও শেষের ৫ মিনিটের ক্রয়চাপে শেষ পর্যন্ত সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। গতকাল দিন শেষে দশমিক ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৩৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৬ পয়েন্ট কমে ২ হাজার ২৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৩০০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১ দশমিক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৮ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৮৯। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল আইপিডিসি, ন্যাশনাল ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), ইউনাইটেড
কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও তিতাস গ্যাসের শেয়ারের।
ডিএসইতে গতকাল ৭৮৮ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৭৪৭ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত ছিল ৬৩টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১১ দশমিক ৭ শতাংশ দখলে নিয়েছে আর্থিক প্রতিষ্ঠান খাত। ১০ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বিবিধ খাত। কাগজ ও মুদ্রণ খাতের দখলে ছিল মোট লেনদেনের ১০ দশমিক ১ শতাংশ। এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক ৬ শতাংশ। গতকাল পুঁজিবাজারে দশমিক ৯ শতাংশ ইতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল বস্ত্র খাত। অন্যদিকে সবচেয়ে বেশি ১ দশমিক ৬ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে টেলিযোগাযোগ খাতে।










