ভ্রমণ ও অবকাশ খাতের তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কোম্পানিটি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১০ সেপ্টেম্বর সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারদর ছিল ১৫১ টাকা ৬০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২০৫ টাকা ৮০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ১২৪ টাকা ৭০ পয়সা থেকে ৩২৮ টাকায় লেনদেন হয়েছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৮ পয়সায়। ২০২২-২৩ হিসাব বছরে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৫ পয়সা।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।










