নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মধ্যে জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও অভ্যন্তরীণ খাদ্যশৃঙ্খল অব্যাহত রাখতে গম, ভুট্টা ও যব আমদানিতে বিদ্যমান শুল্কহার আগেই তুলে নিয়েছিল তুরস্ক। এখন এ সুবিধার মেয়াদ আরো চার মাস বাড়িয়েছে দেশটি। তুরস্কের এক সরকারি ডিক্রিতে এ ঘোষণা দেয়া হয়ছে। খবর রয়টার্স।
গত ৩০ অক্টোবর গম, ভুট্টা ও যব আমদানিতে বিদ্যমান শুল্কহার প্রত্যাহারের ঘোষণা দেয় তুরস্ক। এর আগে দেশটিতে এ তিন শস্য আমদানিতে ২০ শতাংশ আমদানি শুল্ক দিতে হতো। চলতি বছরের শেষে এ সুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
তবে নতুন ঘোষণায় বলা হয়েছে, ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত দেশটিতে শুল্কমুক্ত সুবিধার আওতায় গম, ভুট্টা ও যব আমদানি করা যাবে। মূলত করোনা মহামারীর মধ্যে আমদানিকে উৎসাহিত করে শস্যের অভ্যন্তরীণ মজুদ বাড়ানোর লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে তুরস্ক সরকার।
উল্লেখ্য, তুরস্ক বিশ্বের শীর্ষ ময়দা রফতানিকারক দেশ। রাশিয়া থেকে আমদানি করা গম থেকে ময়দা তৈরির পর তা রফতানি করে দেশটি।










