দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানি কিয়া। হুন্দাই মোটর গ্রুপের অধীনে কোম্পানিটি এ বছরে প্রথমার্ধে বৈদ্যুতিক স্পোর্টস কার ইভি৯ তৈরি করতে যাচ্ছে। গতকাল কোম্পানির কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য কোরিয়া হেরাল্ড।
দ্য কোরিয়ান মেটাল ওয়ার্কার্স ইউনিয়ন বলছে, অবশেষে চলতি সপ্তাহের শুরুতে কিয়ার শ্রমিক ইউনিয়ন ও ব্যবস্থাপনা বিভাগ উৎপাদন পরিকল্পনার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। এর আগে গত বছরের এপ্রিলে ইভির উৎপাদন কৌশল ও ভবিষ্যৎ কর্মসংস্থানের নিরাপত্তা নিয়ে দুই পক্ষের আলোচনা শুরু করেছিল।
চুক্তি অনুযায়ী, দেশটির জিওংগি প্রদেশের গোয়াংমিং কারখানায় কিয়ার ইভি৯ তৈরি করা হবে। আগামী এপ্রিলে বড় আকারে ইভি এসইউভির প্রি-অর্ডার আনুষ্ঠানিকভাবে নেয়া হবে বলে আশা করা হচ্ছে।
কিয়া আগামী বছর গোয়াংমিংয়ে আরো দুটি নতুন ইভি তৈরি করতে যাচ্ছে। নতুন ইভি ছোট ও মাঝারি আকারের হবে। এজন্য ‘সিটি’ ও ‘এসভি’ প্রকল্প হাতে নেয়া হয়েছে। শিল্প বিশেষজ্ঞরা আশা করছেন, প্রকল্পগুলো ইভি৩ ও ইভি৪ নামে হবে। কারণ ইভি বলতে ইলেকট্রনিক যানকেই বুঝিয়েছে কিয়া।
কোম্পানির তথ্যানুসারে, দক্ষিণ-পশ্চিমের গোয়াংজু কারখানায় ওভি নামে নতুন ইভি এসইউভি তৈরির পরিকল্পনা করা হয়েছে। মূলত চীনা বাজারকে লক্ষ্য করে এ পরিকল্পনা নেয়া হয়েছে।
এছাড়া চুক্তি অনুযায়ী, গিয়াংগি প্রদেশের হাওয়াসেংয়ে একটি নতুন কারখানা নির্মাণের কথা জানানো হয়েছে। নতুন কারখানাটি বৈদ্যুতিক যানবাহন তৈরির জন্য ব্যবহার হবে। ২০২৫ সালের জুলাইয়ে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম শুরু হবে। এর ধারণক্ষমতা রাখা হয়েছে বছরে দুই লাখ ইউনিট। বৈদ্যুতিক পিবিভির মধ্যে রয়েছে চালকবিহীন সাবকমপ্যাক্ট গাড়ি ও রোবট ট্যাক্সি।
এর আগে গত বছরের মার্চে বিনিয়োগকারীদের একটি অনুষ্ঠানে ২০২৭ সালের মধ্যে ইভির তালিকায় ১৪টি মডেল অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছিল কিয়া।










