যমুনা ইলেকট্রনিকসের তিন দিনব্যাপী ‘পার্টনারস মিট ২০২৬’ সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রথম দিন আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিলার ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম।
দ্বিতীয় দিন যমুনা ইলেকট্রনিকসের দেশসেরা ১৩ পার্টনারকে বিশেষ সম্মাননা ও পুরস্কার দেয়া হয়। এর মধ্যে শীর্ষ পাঁচ পার্টনার নির্বাচিত হন বগুড়ার মা ইলেকট্রনিকস, নাটোরের স্বপন ইলেকট্রনিকস, চাঁপাইনবাবগঞ্জের রনি ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার, শরীয়তপুরের সিমি ইলেকট্রনিকস ও মানিকগঞ্জের নাহার ইলেকট্রনিকস।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যমুনা ইলেকট্রনিকসের পরিচালক (মার্কেটিং) সেলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, ‘এ ইভেন্ট কোনো সাধারণ আয়োজন নয়; এটি আমাদের ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে সম্পর্কের এক শক্ত সেতুবন্ধ।’
অনুষ্ঠানে পরিচালক (সেলস) সাখাওয়াত হোসেন ২০২৬ সালের পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘এ বছর যমুনা ইলেকট্রনিকস সেলস স্ট্রাকচার, ডিলার সাপোর্ট ও ইনসেনটিভ পলিসিতে উল্লেখযোগ্য উন্নতি আনবে, যাতে পার্টনাররা আরো ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে পারেন।’
হেড অব সেলস মো. মাকসুদুর রহমান পার্টনারদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন, ‘নিজেদের আরো শক্তিশালী করতে হলে আমাদের কিছু অপারেশনাল ও সেলস গ্যাপ চিহ্নিত করে তা দ্রুত পূরণ করতে হবে, যেখানে স্টক ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস ও লোকাল মার্কেট বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
অনুষ্ঠানে হেড অব অপারেশন ইব্রাহিম হোসেন যমুনা পণ্যের মান ও সক্ষমতার ওপর গুরুত্ব তুলে ধরেন। এছাড়া সমাপনী বক্তব্যে হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম পার্টনারদের প্রফিটেবিলিটি প্রসঙ্গে কথা বলেন।










