শস্য আমদানি সচলে কৃষ্ণ সাগরীয় বন্দর চালুর চুক্তি করেছে রাশিয়া ও ইউক্রেন। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির ফলে চলমান বৈশ্বিক খাদ্য সংকট প্রশমিত হওয়ার আশা করা হচ্ছে।

ইস্তানবুলে চুক্তি স্বাক্ষরের জন্য হাজির হয়েছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিরক্ষা ও অবকাঠামো বিষয়কমন্ত্রী। এতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসও স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বিশ্বের শীর্ষ খাদ্যপণ্য রফতানিকারক দেশ রাশিয়া ও ইউক্রেন। কৃষ্ণ সাগরে অবরোধের কারণে বৈশ্বিক সরবরাহ চেইন ভেঙে পড়েছে। এতে খাদ্য ও জ্বালানি মূল্য বেড়েছে এবং বিভিন্ন দেশ গভীর সংকটে নিপতিত।

চুক্তির বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হয়নি, তবে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাস জানায়, বৃহত্তম বন্দর ওডেসাসহ ইউক্রেনের তিনটি বন্দর চালু হচ্ছে। মস্কোর ইউক্রেন আগ্রাসনের ফলে ওডেসায় ডজনখানেক জাহাজ ও দুই কোটি টনের মতো খাদ্যশস্য আটকে পড়েছে।