২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতের মূল্যস্ফীতি ৬-এর বেশি থাকার পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। সরকারি তথ্যানুযায়ী, জুলাইয়ে মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৪ শতাংশ। তবে মূল্যস্ফীতি বাড়ার সঙ্গে প্রবৃদ্ধি নিয়েও ইতিবাচক ইঙ্গিত দেয়া হয়েছে প্রতিবেদনে। খবর ইকোনমিক টাইমস।

স্টেট অব দি ইকোনমি রিপোর্ট অনুসারে, বিদ্যমান চাপে থাকা বৈশ্বিক পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতি চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে কিছুটা গতি অর্জন করছে। রিপোর্টে আরো বলা হয়েছে, ভারতের অর্থনীতি বেসরকারি খরচ ও বিনিয়োগের মতো অভ্যন্তরীণ চালিকাশক্তিগুলো রফতানির সংকোচন থেকে সরিয়ে এনেছে।

চলমান শক্তিশালী প্রবৃদ্ধির কারণে আরবিআই স্ট্যাগফ্লেশন (নিশ্চলতা-স্ফীতি) ঝুঁকি নেই বলছে। বর্তমান আর্থিক পরিস্থিতিতে স্থিতিশীল বিনিময় হার ও স্থিতিশীল জ্বালানি মূল্যের কারণে স্ট্যাগফ্লেশনের সম্ভাবনা ৩ শতাংশের কাছাকাছি।

প্রতিবেদনে সবজির বাজারে দাম বাড়ার ঝুঁকি বিষয়টি তুলে ধরা হয়েছে, বিশেষ করে চলতি বর্ষা মৌসুমে। এছাড়া প্রতিবেদনটি পচনশীল সরবরাহ চেইনে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। পরিবহন, গুদামজাত ও মূল্য সংযোজন সংস্কারগুলোর কারণে মূল্য ওঠানামা কমাতে পারে বলে পরামর্শ দেয়। প্রতিবেদনটি দক্ষতা, উৎপাদনশীলতা, স্থিতিশীল মূল্য, নিশ্চিত সরবরাহ ও কৃষকদের উন্নত মুনাফার দিকে সংস্কারের বিষয়ে আলোচনা করে।