সুইজারল্যান্ডে তিন হাজার কর্মী ছাঁটাই করবে ইউবিএস। এর মাধ্যমে ১ হাজার কোটি ডলার ব্যয় কমাতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ক্রেডিট সুইস ব্যাংকের অধিগ্রহণের পর প্রাতিষ্ঠানিক খরচ বাঁচানোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে ইউবিএস। খবর এপি।
কর্মী ছাঁটাইয়ের খবর সুইজারল্যান্ডে বিরোধী সমালোচনাকে আরো ঘনীভূত করতে পারে। সেখানে এর মধ্যেই জনগণের মধ্যে চুক্তির সমালোচনা তীব্র রূপ নিয়েছে। সুইস ব্যাংকিং ইউনিয়নের বিবৃতিতে বলা হয়েছে, সুইস ব্যাংক কর্মী অ্যাসোসিয়েশনের দাবি, সুইজারল্যান্ডে বসবাস করা দুটি প্রতিষ্ঠানের ৩৭ হাজার ব্যাংক কর্মীদের সঙ্গে স্বচ্ছ ও বৈষম্যহীন আচরণ করে।
এ প্রসঙ্গে ইউবিএসের প্রধান নির্বাহী সের্গেই এরমোত্তি বলেছেন, ‘প্রতিটি ছাঁটাইয়ের ঘটনাই আমাদের কাছে কষ্টদায়ক। কিন্তু দুঃখজনকভাবে আমরা এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছি, যখন ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া অবশ্যম্ভাবী।’ এরমোত্তি জানিয়েছেন, চাকরি ছাঁটাই প্রক্রিয়া আগামী দুই বছর ধরে চলতে থাকবে। ছাঁটাইকৃত কর্মীদের জন্য ব্যাংকের পক্ষ থেকে অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ ভাতা ও সুবিধা দেয়া হবে। সারা বিশ্বে ব্যাংকটির কর্মীসংখ্যা ১ লাখ ২২ হাজার। যদিও এখন পর্যন্ত সুইজারল্যান্ডের বাইরে কর্মীদের ছাঁটাই বিষয়ে কিছু জানানো হয়নি। চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত ক্রেডিট সুইসের আট হাজার কর্মী স্বেচ্ছায় প্রতিষ্ঠান ছেড়ে গেছেন। তাদের অর্ধেকই ছিল যুক্তরাষ্ট্র ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে। সুইজারল্যান্ডের হিস্যা তাতে মাত্র ১০ শতাংশ।
এরমোত্তি বলেছেন, ‘ব্যাংক মনে করে বহু কর্মী পদত্যাগ করবে ও অবসর গ্রহণ করবেন। কিন্তু তার পরও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য। চুক্তিবদ্ধ অন্য সদস্যদের ওপর ইউবিএস ক্রমে নির্ভরতা কমাতে চাচ্ছে।’ বিনিয়োগ বিশেষজ্ঞ ভিকটোরিয়া স্কলার দাবি করেছেন, ব্যাংকটি ব্যাপক প্রতিবন্ধকতার মুখোমুখি রয়েছে। ফলে প্রয়োজন পূরণের জন্য তাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্য দিয়ে যেতে হচ্ছে। চাকরি ছাঁটাইয়ের সিদ্ধান্ত তাদের একটি।
গত ১৯ মার্চ ১৬৭ বছরের পুরনো ক্রেডিট সুইসকে কিনে নিতে সম্মত হয় ইউবিএস। এরপর এপ্রিলে ক্রেডিট সুইসের পক্ষ থেকে বলা হয়, গত বছরের তুলনায় বেশিসংখ্যক কর্মী বর্তমানে ব্যাংক ছেড়ে দিচ্ছেন। চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে পূর্ণকালীন কর্মীসংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৪৮ হাজারে। যদিও ২০২২ সালের শেষে পূর্ণকালীন কর্মীসংখ্যা ছিল ৫০ হাজার ৪৮০-এর মতো।










